ভারতে প্রবেশের আগে যাত্রীদের এখন ডিজিটাল অ্যারাইভাল কার্ড (ডিএসি) বা ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে হচ্ছে। ভারতের ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি এই বাধ্যবাধকতা চালু করেছে। বিমান, সড়ক বা রেল যেকোনো মাধ্যমেই ভ্রমণ করুন না কেন, দেশটিতে প্রবেশের আগে অনলাইনে বা সশরীরে এই ফরম পূরণ করতে হবে।
সম্প্রতি বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন।
তারা জানিয়েছে, যাত্রীরা চাইলে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে অনলাইনে (https://indianvisaonline.gov.in/earrival/) লিংকে গিয়ে ফরম পূরণ করতে পারবেন। ফরমে নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, প্রবেশের তারিখ, সর্বশেষ ভ্রমণ করা দেশ, ভারতে অবস্থানের ঠিকানা (হোটেল), ই-মেইল, বাংলাদেশি ফোন নম্বর এবং জরুরি যোগাযোগের নম্বর দিতে হবে। ভারতগামী যাত্রীদের বিমানবন্দরে যেন কোন ঝামেলায় পড়তে না হয় সেজন্য আগেভাগেই এই ফরম পূরণের পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, নতুন এই ব্যবস্থা চালু হলে ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে, ফলে যাত্রীদের ভোগান্তি ও সময় দুটোই কমবে। তবে প্রাথমিকভাবে যাত্রীদের সুবিধার জন্য ছয় মাস পর্যন্ত সশরীরে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ এই সময়ে যাত্রীরা চাইলে বিমানবন্দরে নেমেও হাতে লিখে ফরম পূরণ করতে পারবেন। ছয় মাস পর থেকে শুধুমাত্র অনলাইনে ফরম পূরণ বাধ্যতামূলক হবে।
বর্তমানে ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ ও মুম্বাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ফ্লাইট পরিচালনা করছে।
