ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবার মান ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা)। শনিবার (২১ মার্চ) তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এদিন বিমানবন্দরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মন্ত্রী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও আনন্দময় হয়, সেই কামনা করেন।
মন্ত্রীর এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবালসহ বেবিচক-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী বিমানবন্দরের বর্তমান সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও যাত্রীসেবার এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
