বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে জার্মান প্রতিষ্ঠান Aerodata AG। বাংলাদেশে বিমানবন্দর ক্যালিব্রেশন সেবা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রোববার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি উঠে আসে। বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত Dr. Rudiger Lotz।
বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান বিমান খাতের উন্নয়নে জার্মান সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত জানান, জার্মানির Aerodata AG বাংলাদেশে আধুনিক বিমানবন্দর ক্যালিব্রেশন সেবা দিতে আগ্রহী। এর জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে বিমান চলাচল নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
