দীর্ঘ ৮ বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১১ ঘন্টা আগে

আট বছর পর সিলেট ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স, ১ সেপ্টেম্বর থেকে সালামএয়ারের সরাসরি মাস্কাট ফ্লাইট

প্রায় আট বছর পর আবারও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক বিমান সংস্থা সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। এর ফলে বিশেষ করে ওমানপ্রবাসী সিলেটিদের জন্য তুলনামূলক কম খরচে এবং সরাসরি যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, দীর্ঘদিন পর বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হওয়া এই বিমানবন্দরের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।

সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে এয়ারলাইনটির বৈশ্বিক নেটওয়ার্ক মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে বিস্তৃত। বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।

উল্লেখ্য, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা করত ফ্লাইদুবাই। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে যাত্রা শুরু করা এয়ারলাইনটি প্রথমদিকে সপ্তাহে পাঁচ দিন এবং পরবর্তীতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করলেও পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে ওই রুটের কার্যক্রম বন্ধ করে দেয়।

দীর্ঘ বিরতির পর সালামএয়ারের এই উদ্যোগ সিলেটের আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
  • বিমানবন্দর
  • সর্বশেষ