ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অংশ নিতে ফের আগ্রহ প্রকাশ করেছে জাপানের সুমিতোমো নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম।
বুধবার (১২ নভেম্বর) জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে দুই পক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেখ বশির উদ্দিন বলেন, ‘জাপান বাংলাদেশের অগ্রযাত্রায় এক নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) আলোচনার সফল সমাপ্তি এবং বিমানবন্দর অবকাঠামো খাতে জাপানি কনসোর্টিয়াম সুমিতোমো-এর আগ্রহ আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করবে।’
রাষ্ট্রদূত সাইদা শিনইচি জানান, জাপানি কনসোর্টিয়াম সুমিতোমো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অংশ নিতে আগ্রহী। কনসোর্টিয়ামটি যত দ্রুত সম্ভব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের সঙ্গে আলোচনা শুরু করতে চায়।
সাক্ষাতকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরিন জাহান, জাপান দূতাবাসের অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক প্রধান প্রথম সচিব কারাসাওয়া শিনজু এবং সুমিতোমো কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনোরি ইয়ামানাকা উপস্থিত ছিলেন।
