বাংলাদেশে এনডিসি প্ল্যাটফর্ম ‘টিকে কানেক্ট’ পরিচিতি কর্মশালা টার্কিশ এয়ারলাইন্সের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর জন্য নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (এনডিসি) প্ল্যাটফর্ম টিকে কানেক্ট (TK Connect)-এর বিভিন্ন সুবিধা তুলে ধরতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে কর্মশালার আয়োজন করেছে ইস্তাম্বুলভিত্তিক বৈশ্বিক বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।

৪ আগস্ট অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক ট্রাভেল এজেন্ট অংশ নেন। অনুষ্ঠানে টিকে কানেক্ট প্ল্যাটফর্মের সর্বশেষ ফিচার, নতুন পণ্য এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গ্যুরে বলেন, বাংলাদেশের বাজার টার্কিশ এয়ারলাইন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে টার্কিশ এয়ারলাইন্সই একমাত্র সংস্থা, যা ঢাকা থেকে বিশ্বের বিস্তৃত গন্তব্যে যাত্রী পরিবহন করছে। তিনি ট্রাভেল এজেন্সিগুলোকে প্রতিষ্ঠানের বিতরণ নেটওয়ার্কের অন্যতম প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, টিকে কানেক্ট ভবিষ্যতের এয়ারলাইন রিটেইলিং ব্যবস্থা, যা ট্রাভেল এজেন্সিগুলোকে সমৃদ্ধ কনটেন্ট, ব্যক্তিকেন্দ্রিক অফার, দ্রুত আপডেট এবং আরও সহজ বুকিং সুবিধা দেবে।

এরপর টার্কিশ এয়ারলাইন্সের এনডিসি অ্যাকাউন্ট ম্যানেজার উমুত সারতাচ ইয়িলমাজ টিকে কানেক্ট প্ল্যাটফর্মের ওপর বিস্তারিত উপস্থাপনা করেন। তিনি প্ল্যাটফর্মটির বিভিন্ন সুবিধা তুলে ধরার পাশাপাশি সরাসরি ডেমোনস্ট্রেশন প্রদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে জানানো হয়, নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (এনডিসি) হলো আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA) উদ্ভাবিত একটি XML-ভিত্তিক ডেটা ট্রান্সমিশন মান, যা এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির মধ্যে তথ্য আদান-প্রদানকে আরও কার্যকর ও আধুনিক করে। টিকে কানেক্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ইউজার ইন্টারফেস (UI), অ্যাগ্রিগেটর এবং ডিরেক্ট এপিআই—এই তিনটি সংযোগ পদ্ধতিতে ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণ করা যায়।

ইয়িলমাজ জানান, চলতি বছরের ১ মে থেকে জিডিএস (GDS) ইডিফ্যাক্ট (EDIFACT) চ্যানেলের মাধ্যমে প্রতিটি টিকিট ইস্যুর ক্ষেত্রে ৩০ মার্কিন ডলার বা সমপরিমাণ স্থানীয় মুদ্রার সারচার্জ প্রযোজ্য হয়েছে। তবে টিকে কানেক্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট ইস্যু করলে কোনো অতিরিক্ত ফি দিতে হয় না।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে নেটওয়ার্কিং লাঞ্চ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। গ্র্যান্ড প্রাইজ বিজয়ী পান ঢাকা–ইস্তাম্বুল–ঢাকা রুটের একটি রিটার্ন এয়ার টিকিট।

  • travel based first digital media
  • কর্মশালা
  • টার্কিশ এয়ারলাইন্স
  • টিকে কানেক্ট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া