কেবিন তাপমাত্রা বাড়ায় ঢাকায় ফেরত আসলো চট্টগ্রামগামী ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যে যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফিরে আসতে হয়। বিমান কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইটটি প্রায় ২০ মিনিট আকাশে থাকার পর আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাইলট বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

বিমান সূত্রে জানা যায়, আজ দুপুর ১টা ৫৫ মিনিটের চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ড‍্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজটি ঢাকা থেকে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে এবং ২টা ৫৫ মিনিটে পুনরায় ঢাকায় অবতরণ করে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইটটি ঢাকায় ফিরে এসেছে। তিনি আরও বলেন, যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ৩৫৬) ফ্লাইট বাতিল করা হয়। স্থানীয় সময় গতকাল রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

  • ড্যাশ-৮
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • যান্ত্রিক ত্রুটি