বাংলাদেশের বাজারে উপস্থিতি আরও জোরদার করতে ঢাকা-ব্যাংকক রুটে নতুন এয়ারবাস এ৩২১নিও উড়োজাহাজ চালু করেছে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল। গত ১৫ আগস্ট ঢাকা থেকে এ উড়োজাহাজের প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয়। এর ফলে থাই এয়ারওয়েজের ২০২৬ সালের গ্রীষ্মকালীন আঞ্চলিক ফ্লাইট সূচিতে যুক্ত হলো নতুন এ৩২১নিও।
এ৩২১নিও উড়োজাহাজ সংযোজন থাই এয়ারওয়েজের বহর আধুনিকায়নের বৃহৎ পরিকল্পনারই অংশ। স্বল্প ও মধ্যম দূরত্বের রুটে যাত্রীসেবার মান উন্নয়ন এবং পরিচালন দক্ষতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এইচএস-টিওএ নিবন্ধন নম্বরের উড়োজাহাজটির নাম রাখা হয়েছে ‘বোওনরুংসি’। আধুনিক ও উন্নতমানের ভ্রমণসেবা নিশ্চিত করতে থাই এয়ারওয়েজের বহরে পর্যায়ক্রমে যুক্ত হতে যাওয়া ৩২টি এ৩২১নিও উড়োজাহাজের মধ্যে এটিই প্রথম।
নতুন এয়ারবাস এ৩২১নিওতে দুই শ্রেণির কেবিনে মোট ১৭৫টি আসন রাখা হয়েছে। ন্যারো-বডি উড়োজাহাজ হলেও যাত্রীদের জন্য ওয়াইডবডি বিমানের মতো আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতেই এর কেবিন সাজানো হয়েছে। রয়্যাল সিল্ক ক্লাসে রয়েছে ১৬টি সম্পূর্ণ ফ্ল্যাট বেড, যা সর্বোচ্চ ১৮০ ডিগ্রি পর্যন্ত হেলানো যায়। ২-২ ও ১-১ বিন্যাসের এসব ‘থ্রোন সিট’ যাত্রীদের বাড়তি গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য দেবে। প্রিমিয়াম আসনগুলোর প্রস্থ ২০ ইঞ্চি এবং সিট পিচ ৪৫ ইঞ্চি।
অন্যদিকে, ইকোনমি ক্লাসে রয়েছে ১৫৯টি এরগোনমিক স্লিম-লাইন আসন। প্রতিটি আসনের প্রস্থ ১৮ ইঞ্চি, পিচ ৩১ ইঞ্চি এবং সর্বোচ্চ ১১০ ডিগ্রি পর্যন্ত হেলানোর সুবিধা রয়েছে। এ ছাড়া ছয় দিকে সমন্বয় করা যায় এমন চামড়ার হেডরেস্ট যাত্রীদের ভ্রমণে আরও আরাম দেবে।
travel based first digital media এয়ারবাস এ৩২১নিও থাই এয়ারওয়েজ ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া