কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। জরুরি অবতরণের প্রস্তুতির কারণে বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমাতে জ্বালানি খরচ করার জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন উড়োজাহাজটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
এদিকে উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও অন্যান্য উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
