প্রবাসী কর্মী নীতিতে নতুন কাঠামো আনছে মালয়েশিয়া

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা চলতি বছরের আগামী ১ জুন থেকে কার্যকর হবে। নতুন এই নীতিমালায় ক্যাটাগরি অনুযায়ী কর্মপাসের মেয়াদ ৫ থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে বিদেশি কর্মীদের পাসের নির্দিষ্ট কোনো মেয়াদ ছিল না। সংস্কারকৃত নীতিমালার মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসীরা দেশের উন্নয়নে আরও সংগঠিতভাবে অবদান রাখতে পারবেন এবং নিয়োগকর্তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের সুযোগ পাবেন।

নতুন নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় মালয়েশিয়ানদের কর্মসংস্থান নিশ্চিত করা। সরকার বলছে, নির্দিষ্ট মেয়াদভিত্তিক পাস ব্যবস্থা নিয়োগকর্তাদের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে, যাতে তারা প্রবাসী কর্মীদের বিকল্প হিসেবে ধাপে ধাপে স্থানীয় দক্ষ জনবল গড়ে তুলতে ‘সাকসেশন প্ল্যান’ বা উত্তরাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।

বিশেষ করে প্রফেশনাল দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির পাসের ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালার অংশ হিসেবে প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতন কাঠামোও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ক্যাটাগরি-১ পাসের ক্ষেত্রে ন্যূনতম বেতন ১০ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ২০ হাজার রিঙ্গিত করা হয়েছে, যার মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর। ক্যাটাগরি-২ এ বেতন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার থেকে ১৯ হাজার ৯৯৯ রিঙ্গিত এবং ক্যাটাগরি-৩ এ ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ রিঙ্গিত।

সরকারের মতে, বর্ধিত বেতন কাঠামো ও নির্দিষ্ট মেয়াদ ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানবসম্পদ উন্নয়নে গতি আনবে।

এছাড়া পাসধারী সব প্রবাসী কর্মী তাদের পরিবার বা নির্ভরশীলদের সঙ্গে মালয়েশিয়ায় থাকার অনুমতি পাবেন। পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে সরকার শিল্প মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে, যাতে রূপান্তর প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

সরকার বলছে, জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং স্থানীয় দক্ষ জনশক্তির দীর্ঘমেয়াদি বিকাশ নিশ্চিত করাই এই নীতিমালার মূল লক্ষ্য।

  • কর্মপাস
  • কর্মসংস্থান
  • প্রবাসী
  • মালয়েশিয়া