বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ভ্রমণকারীদের প্রকৃত বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে এই সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যমান ভ্রমণ সুবিধায় সংশোধন এনে এ বিষয়ে রোববার (৯ সেপ্টেম্বর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশোধিত ভ্রমণসুবিধার আওতায় বাংলাদেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ানো হয়েছে। নতুন সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।

বর্ধিত এই সীমা একটি পঞ্জিকাবর্ষের জন্য কার্যকর থাকবে। তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা আগের নিয়মেই বহাল থাকবে।

  • travel based first digital media
  • বিদেশ ভ্রমণ
  • বিদেশযাত্রা
  • বৈদেশিক মুদ্রা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া