মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইট শিডিউলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে অপতথ্যে বিভ্রান্ত না হয়ে সাধারণ যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
মঙ্গলবার দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সভায় মন্ত্রী এ আহ্বান জানান। সভায় মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের শিডিউল ব্যবস্থাপনা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, “এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে।” তিনি আরও নির্দেশ দেন, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পরিবহনের ব্যবস্থা নিতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত-এর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সর্বশেষ দাম্মাম, সৌদি আরব-এও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। ফলে বহু যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন।
বিমানমন্ত্রী এয়ারলাইন্সগুলোর প্রতি নির্দেশনা দিয়ে বলেন, যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে সঠিক ও হালনাগাদ তথ্য দিতে হবে। প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নম্বর চালু রাখতে হবে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিরা।
