সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিকভাবে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন মূল্যসূচি অনুযায়ী, ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামে কর্মীদের জন্য ভাড়া যথাক্রমে ৪৮০, ৪০০, ৪৩০ ও ৪০০ ডলার থেকে কমিয়ে ৩৬০ ডলার (কর ব্যতীত) নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলার ভাড়া কমিয়ে ১৫০ ডলার (কর ব্যতীত) করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিএমইটি (ব্রুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং) কার্ডধারী কর্মীরা এই বিশেষ ভাড়ার সুবিধা পাবেন। এতে করে কর্মীদের জন্য বিদেশযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
