জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বর্তমানের প্রায় ১ কোটি ২০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে পৌঁছাবে। অর্থাৎ যাত্রীসেবার সক্ষমতা দ্বিগুণ হলেও উড়োজাহাজ ওঠানামার জন্য বিদ্যমান একটি রানওয়ের ওপরই নির্ভর করতে হবে বিমানবন্দরটিকে।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩টি এয়ারলাইনস কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩৯টি আন্তর্জাতিক এয়ারলাইনস। একমাত্র রানওয়ে দিয়ে প্রতিদিন গড়ে ১৭০ থেকে ১৮০টি ফ্লাইট ওঠানামা করে। ২০২৫ সালে প্রায় ১ লাখ ৫৯ হাজার ৪০৭টি ফ্লাইটের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ ২০ হাজার যাত্রীকে সেবা দিয়েছে বিমানবন্দরটি। নতুন টার্মিনাল চালুর পর যাত্রী ও ফ্লাইটের সংখ্যা আরও বাড়লে বিদ্যমান অবকাঠামোর ওপর চাপও বাড়বে।
একটি মাত্র রানওয়ে থাকায় একই সময়ে একটি উড়োজাহাজের উড্ডয়ন ও অন্যটির অবতরণের সুযোগ নেই। ফলে ব্যস্ত সময়ে উড়োজাহাজগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে ভোরবেলা, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টার পর ফ্লাইটের চাপ বেশি থাকায় উড়োজাহাজগুলোকে ইঞ্জিন চালু রেখে ট্যাক্সিওয়েতে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতে ফ্লাইটের টার্নঅ্যারাউন্ড সময় স্বাভাবিকের তুলনায় ১৫ থেকে ২০ মিনিট এবং ব্যস্ত সময়ে সর্বোচ্চ ৪০ মিনিট পর্যন্ত বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয়ে।
এই অপেক্ষার কারণে বাড়তি জ্বালানি খরচও হচ্ছে উল্লেখযোগ্য হারে। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, প্রতি ফ্লাইটে গ্রাউন্ড ডিলে এটিআর উড়োজাহাজে প্রায় ৭৫ কেজি, বোয়িংয়ে ৩০০ কেজি এবং এয়ারবাসে ৯০০ কেজি পর্যন্ত অতিরিক্ত জ্বালানি পুড়ছে। বর্তমান জেট ফুয়েলের বাজারদর বিবেচনায় এতে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ব্যয় হচ্ছে যথাক্রমে প্রায় ১৭ হাজার ৭০০ টাকা, ৫৪ হাজার ৪০০ টাকা এবং ১ লাখ ৬৩ হাজার টাকা। ফ্লাইটের সংখ্যা বাড়লে এই অতিরিক্ত ব্যয়ের পরিমাণও আরও বাড়বে।
তবে বিমানবন্দরের ভৌগোলিক অবস্থান ও চারপাশের ঘনবসতিপূর্ণ নগরায়ণের কারণে দ্বিতীয় একটি স্বাধীন রানওয়ে নির্মাণের সুযোগও সীমিত। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নির্দেশনা অনুযায়ী, দুটি সমান্তরাল রানওয়ে স্বাধীনভাবে পরিচালনার জন্য সেগুলোর মধ্যে অন্তত ১ হাজার ৩৫ মিটার দূরত্ব প্রয়োজন। কিন্তু শাহজালাল বিমানবন্দরের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫৯ মিটার দূরত্ব রাখা সম্ভব। ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এখানে দ্বিতীয় একটি স্বাধীন রানওয়ে নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে বিদ্যমান রানওয়ের সক্ষমতা বাড়াতে দুটি বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে। এর একটি হলো, রানওয়েতে ‘হাই-স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে’ যুক্ত করা। এর মাধ্যমে অবতরণের পর উড়োজাহাজগুলো দ্রুত রানওয়ে ছেড়ে যেতে পারবে। বর্তমানে এই রানওয়েতে ঘণ্টায় ২০ থেকে ২২টি ফ্লাইট ওঠানামা করতে পারে। হাই-স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে যুক্ত করা গেলে সেই সক্ষমতা ঘণ্টায় ২৬ থেকে ২৮টি ফ্লাইটে উন্নীত করা সম্ভব বলে সংশ্লিষ্টদের ধারণা। এতে রানওয়েতে উড়োজাহাজের অবস্থানের সময় কমবে এবং ফ্লাইট পরিচালনার গতি বাড়বে।
অন্যদিকে, ঢাকাকেন্দ্রিক বিমান চলাচলের চাপ কমাতে অভ্যন্তরীণ ফ্লাইটের কার্যক্রম বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক হাব গড়ে তোলা এবং কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে। এতে অভ্যন্তরীণ যাত্রীদের একটি অংশের জন্য ঢাকার ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য বিমানবন্দরের অবকাঠামো ও সক্ষমতা ব্যবহারের সুযোগ তৈরি হবে।
তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে প্রস্তাবিত চুক্তি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে সরকার কোনো প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না। ফলে এ সময়ের মধ্যে রাজধানী ও আশপাশের অঞ্চলের বেসামরিক বিমান চলাচলের প্রধান কেন্দ্র হিসেবে শাহজালাল বিমানবন্দরের ওপরই নির্ভরতা বজায় থাকার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে থার্ড টার্মিনাল চালুর মধ্য দিয়ে বাংলাদেশের বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। তবে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ করার সঙ্গে উড়োজাহাজ ওঠানামার সক্ষমতার সামঞ্জস্য নিশ্চিত করা না গেলে নতুন টার্মিনালের সুফল পুরোপুরি পাওয়া কঠিন হতে পারে। হাই-স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে ও আঞ্চলিক বিমানবন্দরগুলোর ব্যবহার কতটা কার্যকরভাবে বাড়ানো যায়, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ আধুনিক টার্মিনাল থাকলেও একটি মাত্র রানওয়ের সীমাবদ্ধতা শেষ পর্যন্ত দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
