বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে তথ্য অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বেবিচকের সহকারী পরিচালক(জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, তথ্য অধিকার আইন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম, যা নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সঠিক প্রক্রিয়ায় তথ্য প্রদানের সংস্কৃতি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জনআস্থা সুদৃঢ় করে।
চেয়ারম্যান আরও বলেন, বেবিচক নিজস্ব চ্যানেলের মাধ্যমে আইন অনুযায়ী প্রকাশযোগ্য তথ্য নিয়মিতভাবে সরবরাহ করে থাকে, যা সংস্থাটির প্রতি জনগণের আস্থা অটুট রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
প্রশিক্ষণে প্রশিক্ষণ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। প্রশিক্ষক হিসেবে ছিলেন বেবিচকের উপ-পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবিদুল ইসলাম এবং সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
এছাড়া প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে চেয়ারম্যানের একান্ত সচিব মো. নিজাম উদ্দিন ও সহকারী পরিচালক (প্রশাসন) রমা রাণী বিশ্বাস প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
