বিমানবন্দরে পাখিসহ বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন মন্ত্রী।
সভায় দেশের বিমানবন্দরগুলোতে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতের উন্নয়নে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য সাম্প্রতিক সময়ে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের (বার্ড হিট) তথ্য যাচাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, উদ্ভূত সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত কমিটির সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিরাপদ উড্ডয়ন এলাকা (সেফ ফ্লাই জোন) নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ কার্যক্রমে সমন্বয় বাড়াতে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনেরও নির্দেশ দেন তিনি।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ জাতীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
