মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম ঠেকাতে ১১ দফা নির্দেশনা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত দেশের মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ দেওয়া যাবে। এর বেশি স্লিপ ইস্যু করে অতিরিক্ত কর্মী পাঠানোর সুযোগ নেই।

মেডিকেল সেন্টারগুলোকে প্রতিদিন সম্পন্ন হওয়া পরীক্ষার বিস্তারিত ব্যক্তিভিত্তিক প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এসব তথ্য অনলাইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে উল্লেখ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মেডিকেল পরীক্ষার জন্য একজন কর্মীর কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা নেওয়া যাবে। এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।

কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। পাশাপাশি ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সেন্টারগুলোকে যথাযথ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় কর্মীদের আর্থিক সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগে কোনো কর্মী আনফিট হলে তাঁর দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব ব্যয় বহন করতে হবে মেডিকেল সেন্টারকে।

এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি রাখতে হবে। পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং কর্মীদের বসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ও নির্ধারিত নিয়ম অনুসরণ করেই মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে।

নির্দেশনার শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকিতে মন্ত্রণালয় একটি শক্তিশালী পর্যবেক্ষক দল গঠন করবে।

এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে বড় ও সহজে দৃশ্যমান বিলবোর্ড স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মালয়েশিয়া
  • মেডিকেল পরীক্ষা