দেশের পর্যটনশিল্পের বিকাশ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬ (বিওয়াইটি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) আয়োজিত এ এক্সপোর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) মো. সাইয়েদ বিন আবদুল্লাহ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান। অনুষ্ঠানে ইটাবের উপদেষ্টা মহসিনুল হাকিম, সভাপতি ইমরানুল আলম ও সাধারণ সম্পাদক দিন ইসলাম রাজ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এক্সপোর কনভেনর কামরুল হাসান ইমন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের পর্যটনশিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে। দেশের পর্যটনসম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে এ খাত অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পর্যটনশিল্পে তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ইটাবের এ আয়োজনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহ তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ তুলে ধরেন। তিনি পর্যটনশিল্পকে তরুণদের জন্য সম্ভাবনাময় কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। এ খাতের বিকাশে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান দেশের পর্যটনসম্পদের প্রচার ও প্রসার এবং পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এক্সপোর কনভেনর কামরুল হাসান ইমন দেশের পর্যটন মহাপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন এবং তরুণদের পর্যটনশিল্পের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, পর্যটনশিল্পের টেকসই বিকাশে তরুণ উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ইটাবের সভাপতি ইমরানুল আলম বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশ এবং ই-ট্যুরিজম উদ্যোক্তাদের সম্মিলিতভাবে এগিয়ে নিতে কাজ করছে ইটাব। বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোর মূল লক্ষ্য দেশের পর্যটন খাতের অংশীজনদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, দেশীয় পর্যটনের সম্ভাবনা তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে পর্যটন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা।
অনুষ্ঠানে ইটাবের উপদেষ্টা মহসিনুল হাকিম ও সাধারণ সম্পাদক গ্রীন ইসলাম রাজও বক্তব্য দেন।
তিন দিনব্যাপী এ এক্সপোতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, হাউসবোট, পরিবহন ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীরা এখানে ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, উড়োজাহাজের টিকিট, ভিসা প্রসেসিংসহ বিভিন্ন পর্যটনসেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন দেশের অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পর্যটনশিল্পের সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্সপোটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
