বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সদর দপ্তরে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষ করে পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে। দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্রগুলো আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এসব আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্যও সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে।
ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় বিশ্ব পর্যটন শিল্প সম্মেলনে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন মহাসচিব। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন শাইখা আল নুয়াইস।
