সালাহউদ্দিন সুমনের সঙ্গে আর্কটিক-অ্যান্টার্কটিকা যাওয়ার সুযোগ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ দিন আগে

বাংলাদেশি পর্যটকদের জন্য আর্কটিক ও অ্যান্টার্কটিকায় নিয়মিত অভিযানভিত্তিক ভ্রমণের পরিকল্পনা করছে দেশীয় ট্রাভেল এজেন্সি ‘বেঙ্গল ভিস্তা ট্যুরস।’ ডাচ অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনসের স্থানীয় অংশীদার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

এই অংশীদারত্বের ফলে বাংলাদেশের পর্যটকেরা মেরু অঞ্চলে ভ্রমণের জন্য বুকিং, যাতায়াত ও প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিভিন্ন ধরনের সহযোগিতা পাবেন। দুর্গম এসব অঞ্চলে অভিযানভিত্তিক পর্যটনকে বাংলাদেশিদের কাছে পরিচিত করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

এ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের জুলাইয়ে আর্কটিক অঞ্চলে একটি দলীয় অভিযান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেঙ্গল ভিস্তা ট্যুরস। ‘অ্যারাউন্ড স্পিটসবার্গেন, ইন দ্য রিয়ালম অব দ্য পোলার বিয়ার’ শীর্ষক এ অভিযান পরিচালিত হবে ওশানওয়াইড এক্সপেডিশনসের জাহাজ এমভি হন্ডিয়াসে।

অভিযানের সূচিতে রয়েছে নরওয়ের স্ভালবার্ড অঞ্চল। এতে হিমবাহ, ফিয়র্ড ও দুর্গম আর্কটিক ভূপ্রকৃতি ঘুরে দেখার পাশাপাশি মেরুভালুক ও ওয়ালরাসের মতো বন্য প্রাণী পর্যবেক্ষণের সুযোগ থাকবে। তবে বন্য প্রাণীর দেখা পাওয়া ও উপকূলে বিভিন্ন কার্যক্রম আবহাওয়া, সমুদ্রের বরফের পরিস্থিতি এবং পরিচালনাগত অবস্থার ওপর নির্ভর করবে।

বাংলাদেশ থেকে দলটির নেতৃত্ব দেবেন বেঙ্গল ভিস্তা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। একই অভিযানে দেশের প্রতিনিধি হিসেবে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন সংস্থাটির নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস।

এর আগে তাঁরা দুজনই মেরু অঞ্চলে অভিযানসহ বিভিন্ন ভ্রমণে অংশ নিয়েছেন। এর মধ্যে অ্যান্টার্কটিকা অভিযানও রয়েছে। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বেশি বাংলাদেশি পর্যটককে এ ধরনের ব্যতিক্রমী ভ্রমণে আগ্রহী করে তুলতে চায় সংস্থাটি।

সম্প্রতি ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতে নেদারল্যান্ডসের ভ্লিসিংগেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বেঙ্গল ভিস্তা ট্যুরসের প্রতিনিধিরা। এ সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়।

অ্যান্টার্কটিকা অভিযানে সহযোগিতার জন্য ওশানওয়াইড এক্সপেডিশনসকে ধন্যবাদ জানান আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিক্রয় পরিচালক হেলেন ও তাঁর দলের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

২০২৭ সালের জুলাইয়ের আর্কটিক অভিযানকে সামনে রেখে বুকিং, ভ্রমণ ব্যবস্থাপনা ও অভিযানের প্রস্তুতিসহ প্রয়োজনীয় সেবা দেওয়ার পরিকল্পনা করছে বেঙ্গল ভিস্তা ট্যুরস। এর মাধ্যমে বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে অভিযানভিত্তিক পর্যটনের নতুন সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

  • travel based first digital media
  • অভিযান
  • অ্যান্টার্কটিকা
  • আর্কটিক
  • বেঙ্গল ভিস্তা ট্যুরস
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সালাউদ্দিন সুমন