ঢাকার পাশাপাশি টার্কিশ এয়ারলাইন্সের কাঠমান্ডু অফিসের দায়িত্ব পেলেন ইসলাম গুরে

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ দিন আগে

টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিসের জেনারেল ম্যানেজার ইসলাম গুঁরে বাংলাদেশে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি নেপালের কাঠমান্ডু অফিসের নেতৃত্বের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১ নভেম্বর ২০২৬ থেকে এ নতুন দায়িত্ব কার্যকর হয়েছে।

নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইসলাম গুরে। একই পোস্টে তিনি নেপাল অফিসে গত চার বছর ধরে নিষ্ঠা, পরিশ্রম ও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সহকর্মী মি. সেরকানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।

পোস্টে ইসলাম গুঁরে জানান, বাংলাদেশ ও নেপালের সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টার্কিশ এয়ারলাইন্সের অর্জন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে তাঁরা একযোগে কাজ করবেন। দুই দেশেই এয়ারলাইন্সটির ভাবমূর্তি ও প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করতে একই উদ্যম, নিষ্ঠা ও দৃঢ় সংকল্প নিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আগামী দিনগুলোতে বাংলাদেশ ও নেপালে টার্কিশ এয়ারলাইন্সের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও সম্ভাবনাময় যাত্রার প্রত্যাশা ব্যক্ত করেন ইসলাম গুরে।

  • এয়ারলাইন্স
  • টার্কিশ এয়ারলাইন্স
  • সর্বশেষ