তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল শুরু ১৫ নভেম্বর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ দিন আগে

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে প্রায় ৩৫ একর এলাকাজুড়ে এ আয়োজন অনুষ্ঠিত হবে। কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং ও বিভিন্ন অভিজ্ঞতা বুকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড।

এ উপলক্ষে কার্নিভালের আয়োজক স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড ও টিকিফাইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অংশীদারত্বের বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেলবাউন্ড নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল আরেফীন এবং টিকিফাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে আয়োজিত এ কার্নিভালকে দেশের প্রথম ও বৃহত্তম সমুদ্রসৈকতভিত্তিক কার্নিভাল হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা।

কার্নিভালে দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক মানের বালুশিল্প, চিত্রকলা ও কারুশিল্প প্রদর্শনী, খাবার ও কেনাকাটার আয়োজন। পাশাপাশি শিশুদের বিনোদন, মিনি গলফ, গো-কার্টিং, খেলাধুলা ও ক্যাম্পিংসহ বিভিন্ন অভিজ্ঞতামূলক কার্যক্রমের ব্যবস্থা থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক বালুশিল্পী পল ও রেমি হগার্ড।

আয়োজকদের মতে, কক্সবাজারের পর্যটনকে আরও বৈচিত্র্যময় ও অভিজ্ঞতাভিত্তিক করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কারুশিল্পী ও পর্যটনসেবা প্রদানকারীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্যও রয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং, বিভিন্ন অভিজ্ঞতা ও কার্যক্রমের বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সেবা দেবে টিকিফাই।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর থেকে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ ও প্রবেশসেবা চালু হবে। নিয়মিত একবার প্রবেশের পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। একই দিনে একাধিকবার প্রবেশের পাস কিনতে গুনতে হবে ৫০০ টাকা। এ ছাড়া কার্নিভালের নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা ও কার্যক্রমে অংশ নিতে আলাদা টিকিট সংগ্রহ করতে হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভাল দেশের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা তৈরি করার পাশাপাশি কক্সবাজারের স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও সৃজনশীল শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।

  • travel based first digital media
  • কক্সবাজার
  • পর্যটন কার্নিভাল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া