৭ নভেম্বর থেকে সৌদি আরবের দাম্মামে ফের ফ্লাইট চালু করছে বিমান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।

অন্যদিকে, পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। এর অংশ হিসেবে ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট চালু হবে। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শুধু দিনের বেলায় ফ্লাইট পরিচালিত হবে।

রিয়াদ রুটের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

  • travel based first digital media
  • দাম্মাম
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • যুদ্ধ
  • সৌদি আরব
  • সৌদি সংকট