বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের ফরমের সঙ্গে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমানের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে প্রচারিত ওই ফরম বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রম বিমান কর্তৃপক্ষ চালু বা অনুমোদন করেনি।
বিমান জানায়, সংস্থাটির নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনায় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। এ ছাড়া নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য প্রদান এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার পরামর্শও দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
