ইউএস-বাংলায় ফার্স্ট অফিসার নিয়োগ, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সিপিএল (কমার্শিয়াল পাইলট লাইসেন্স)ধারীদের ফার্স্ট অফিসার হিসেবে ক্যারিয়ার শুরুর সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ATR 72 উড়োজাহাজের জন্য ‘ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)’ পদে নিয়োগ দেবে।

ইউএস-বাংলার ফ্লাইট অপারেশনস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। এছাড়া জিসিই ও লেভেল ও এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি সম্পন্ন প্রার্থীদেরও পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।

প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও এ পদে আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। প্রার্থীর বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। একই সঙ্গে ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের দেওয়া বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট এবং ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ অথবা সংশোধিত ৬/৬ হতে হবে।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাঁকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে কোনো গুরুতর ঘটনা এবং গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা না থাকার শর্তও রয়েছে। সাঁতার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আগামী ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে pilotjobs@usbair.com ঠিকানায় ই-মেইল করতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদেরই ইউএস-বাংলার উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

এ নিয়োগের বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোনো ধরনের আর্থিক লেনদেন করে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • এয়ারলাইন্স
  • চাকরি
  • সর্বশেষ