দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের প্রতি লিটারের দাম হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আগের মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
ফলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এই বৃদ্ধির হার প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে বিইআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসক ছাড়া প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
