বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক হলেন শাহনুর আহমেদ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৬ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শাহনুর আহমেদ (পি-৩৬৩৪৮)। একই সঙ্গে তাকে এ দায়িত্ব পালনের জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, শাহনুর আহমেদ এতদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশে তাকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

এর আগে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদকে (পি-৩৬৫২১) মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে শাহনুর আহমেদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করতে চান তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকরা বিমানের কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং যেসব জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে, সেগুলোও সামনে আনেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেবেন তিনি।

নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে শাহনুর আহমেদ বলেন, গণমাধ্যমের সহযোগিতা নিয়ে তিনি নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আশা করছেন।

  • travel based first digital media
  • জনসংযোগ কর্মকর্তা
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া