স্কাইট্র্যাক্সের সেরা ১০০-তে নেই শাহজালাল বিমানবন্দর

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বিশ্বের বিমানবন্দরগুলোর সেবা ও যাত্রীবান্ধব পরিবেশ মূল্যায়নের অন্যতম স্বীকৃত প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক স্কাইট্র্যাক্সের ‘ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস ২০২৬’-এর সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় জায়গা হয়নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।

একইভাবে দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকাতেও স্থান পায়নি বাংলাদেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দর। বিপরীতে প্রতিবেশী ভারতের পাঁচটি বিমানবন্দর বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের মতামতের ভিত্তিতে স্কাইট্র্যাক্স প্রতিবছর এ র‌্যাংকিং প্রকাশ করে। ২০২৫-২৬ সালের জরিপে বিশ্বের ১০০টির বেশি দেশের যাত্রীরা অংশ নেন। এ সময় ৫৭৫টির বেশি বিমানবন্দরের বিভিন্ন সেবা ও যাত্রী-অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়।

জরিপে বিমানবন্দরের চেক-ইন, নিরাপত্তা তল্লাশি, ইমিগ্রেশন, লাগেজ ব্যবস্থাপনা, বোর্ডিং, কেনাকাটা এবং সার্বিক যাত্রীসেবার মানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।

২০২৬ সালের বিশ্বসেরা বিমানবন্দরের তালিকায় প্রথম হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৃতীয় জাপানের টোকিও হানেদা বিমানবন্দর।

দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরের তালিকায় ভারতের দিল্লি প্রথম, বেঙ্গালুরু দ্বিতীয়, হায়দ্রাবাদ তৃতীয় এবং গোয়া মানোহর চতুর্থ অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরও এ তালিকায় সপ্তম স্থান পেয়েছে।

আঞ্চলিক বিমানবন্দরের তালিকাতেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম নেই। তবে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এ তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে।

শাহজালাল বিমানবন্দরের সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে লাগেজ পেতে বিলম্ব, ট্রলির স্বল্পতা, অতিরিক্ত ভিড়, পরিচ্ছন্নতার ঘাটতি, ইমিগ্রেশন ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ। এ ছাড়া লাগেজ হারানো বা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

এভিয়েশন খাতের বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর নিশ্চিত করতে শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়। দক্ষ ব্যবস্থাপনা, পর্যাপ্ত ও প্রশিক্ষিত জনবল, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং যাত্রীসেবার মানসিকতার উন্নয়নও জরুরি। এসব ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বিমানবন্দরের সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া কঠিন।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • স্কাইট্র্যাক্স
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর