আরও ১১ বোয়িং কিনছে বিমান, চুক্তির মূল্য প্রায় ২৫০ কোটি ডলার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার। তবে চুক্তিতে প্রতিটি উড়োজাহাজের দাম, অর্থায়ন পদ্ধতি, পরিশোধের শর্ত ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করেনি বিমান বা সরকার।

ক্রয় প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এভিয়েশন এক্সপ্রেসকে জানিয়েছেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে বোয়িংয়ের সঙ্গে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি সই হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার আগে বিমানের টেকনো-ফাইন্যান্স কমিটি প্রস্তাবটি সীমিত পরিসরে মূল্যায়ন করেছে। অতিরিক্ত উড়োজাহাজ কেনার বিষয়ে কোনো বিস্তৃত মূল্যায়ন করা হয়নি বলেও জানান তিনি।

বোয়িং বর্তমানে তাদের উড়োজাহাজের তালিকামূল্য প্রকাশ করে না। তবে ২০১৯ সালে প্রকাশিত সর্বশেষ তালিকামূল্য ধরে পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭ ম্যাক্স ৮-এর সম্মিলিত মূল্য দাঁড়ায় প্রায় ২৪২ কোটি ডলার।

তবে তালিকামূল্য আর প্রকৃত ক্রয়মূল্য এক নয়। বড় বাণিজ্যিক উড়োজাহাজ কেনার ক্ষেত্রে এয়ারলাইন ও নির্মাতার মধ্যে দরকষাকষির মাধ্যমে মূল্যছাড়, অর্থায়ন এবং অন্যান্য বাণিজ্যিক সুবিধা নির্ধারিত হয়। ফলে নতুন চুক্তির সম্ভাব্য ২৫০ কোটি ডলারের মূল্য কীভাবে নির্ধারিত হয়েছে, তা স্পষ্ট করতে চুক্তির বিস্তারিত আর্থিক শর্ত প্রকাশের দাবি উঠতে পারে।

এর আগে ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। ওই চুক্তিতে ছিল আটটি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮। তালিকামূল্য অনুযায়ী সেই চুক্তির মূল্য ছিল আনুমানিক ৩৭০ কোটি ডলার।

নতুন ও আগের চুক্তি মিলিয়ে চলতি বছর বোয়িংয়ের কাছে বিমানের অর্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি—১৩টি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং ১০টি ৭৩৭-৮।

এদিকে, বহর সম্প্রসারণের পরিকল্পনায় এয়ারবাসের কাছ থেকেও আরও ১০টি উড়োজাহাজ কেনার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এর মধ্যে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে।

এয়ারবাসের প্রস্তাব বাস্তবায়িত হলে নতুন উড়োজাহাজ সংগ্রহের পাইপলাইনে বিমানের মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫টি। বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনটির বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ।

বহর প্রায় দ্বিগুণ করার এই পরিকল্পনার মধ্যে সর্বশেষ বোয়িং চুক্তির মূল্য, অর্থায়ন ও অন্যান্য বাণিজ্যিক শর্ত প্রকাশ না হওয়ায় পুরো ক্রয় পরিকল্পনার আর্থিক কাঠামো ও বাণিজ্যিক যৌক্তিকতা নিয়ে বিস্তারিত পর্যালোচনার বিষয়টি সামনে এসেছে।

  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বোয়িং
  • সর্বশেষ