কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নতুন টার্মিনাল ব্যবহার করে বেসরকারি তিনটি এয়ারলাইনসের ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সকাল ৮টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছাড়ে। এর পাঁচ মিনিট পর সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও ঢাকার উদ্দেশে যাত্রা করে।

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা এবং পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে কয়েক বছর ধরে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ চলছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সমুদ্রের দিকে বিমানবন্দরের রানওয়ে ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ।

১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ আগস্ট। প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবন নির্মাণের পাশাপাশি বিমানবন্দরে আধুনিক এভিয়েশন অবকাঠামো যুক্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রসারিত নতুন রানওয়ের কাজও শেষ পর্যায়ে রয়েছে। আগামী অক্টোবর মাসে নতুন রানওয়ে পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

  • travel based first digital media
  • কক্সবাজার বিমানবন্দর
  • নতুন টার্মিনাল
  • নভোএয়ার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া