দক্ষিণ এশিয়ায় চতুর্থ সেরা আঞ্চলিক এয়ারলাইন ইউএস-বাংলা
আন্তর্জাতিক এভিয়েশন রেটিং প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের ‘ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স ইন্ডিয়া/সাউথ এশিয়া’ ক্যাটাগরিতে চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো স্কাইট্র্যাক্সের এই ক্যাটাগরিতে স্থান পেল এয়ারলাইনটি। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে একই ক্যাটাগরিতে পঞ্চম অবস্থানে ছিল ইউএস-বাংলা। ফলে তিন বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির অবস্থানের এক ধাপ উন্নতি হয়েছে।
স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস মূলত যাত্রীদের ভোটের ভিত্তিতে পরিচালিত একটি আন্তর্জাতিক এয়ারলাইন যাত্রী-সন্তুষ্টি জরিপ। ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা এতে অংশ নেন।
স্কাইট্র্যাক্সের সংজ্ঞা অনুযায়ী, ‘রিজিওনাল এয়ারলাইন’ বলতে মূলত ফুল-সার্ভিস ক্যারিয়ারকে বোঝানো হয়, যারা প্রধানত প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত স্বল্প ও মাঝারি দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, একটি বাংলাদেশি বেসরকারি এয়ারলাইন হিসেবে টানা তিন বছর স্কাইট্র্যাক্সের স্বীকৃতি দেশের এভিয়েশন খাতের আন্তর্জাতিক সক্ষমতার প্রতিফলন।
তিনি বলেন, আধুনিক উড়োজাহাজ বহর সম্প্রসারণ, যাত্রীসেবার মানোন্নয়ন, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে এ অবস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে ইউএস-বাংলা।
