লিজে আরও ৪–৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ নেবে ইউএস-বাংলা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

আগামী ৬০ দিনের মধ্যে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আরও উড়োজাহাজ লিজ নেওয়ার জন্য অর্ডার দেওয়ার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন।

তবে নতুন চুক্তির আওতায় কতটি উড়োজাহাজ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ইউএস-বাংলার এমডি। উড়োজাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যায়ে বোয়িং নাকি এয়ারবাস কোন নির্মাতার কাছ থেকে উড়োজাহাজ নেওয়া হবে, তা প্রকাশ করা সম্ভব নয়।

এর আগে বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের লিজিং চুক্তির মাধ্যমে ২১টি বোয়িং উড়োজাহাজ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল ইউএস-বাংলা। গত ২৯ জুলাই ঢাকায় আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ অনুষ্ঠানে এ পরিকল্পনা ঘোষণা করা হয়।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২১টি উড়োজাহাজের মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০। ২০২৭ সালের শেষ নাগাদ এসব উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। দেশের বেসরকারি এয়ারলাইনগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় বহর।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দ্য ডেইলি বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। সম্মেলনে গোল্ড স্পন্সর ছিল ইউএস-বাংলা এয়ারলাইনস।

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • উড়োজাহাজ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • লিজ