বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজধানীর আশকোনার হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যুদ্ধ, বৈরী আবহাওয়া, ফ্লাইট বিলম্ব বা বাতিলের মতো পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই হজ্জ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে।
তিনি জানান, নতুন আবাসনে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। এ উদ্যোগের সম্পূর্ণ অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বিভিন্ন কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে অনেক প্রবাসী বিমানবন্দরের আশপাশে আবাসন সংকটে পড়েন। হজ্জ ক্যাম্পে এই আবাসন সুবিধা চালু হলে তাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



