আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৬ ঘন্টা আগে

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ ও সংরক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি জানান, নওগাঁ সদর ও রানীনগরে দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় আইটি, কেয়ারগিভিং ও ড্রাইভিংয়ের মতো আধুনিক ট্রেডও পর্যায়ক্রমে চালু করা হবে।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের কম শিক্ষিত নারী-পুরুষ ও বিধবাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে।

প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও দেশে ফেরা কর্মীদের লাগেজ র‍্যাপিং, লাগেজ গ্রহণ, প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট, ফটোকপি, সত্যায়ন, ইমিগ্রেশন ও কাস্টমস-সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ফ্রি ওয়াই-ফাই, টেলিফোন, সংবাদপত্র ও টেলিভিশন সুবিধার পাশাপাশি প্রবাসী ক্যাফেতে ৩০ শতাংশ ছাড়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিদেশে মৃত্যুবরণকারী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার রাষ্ট্রীয় খরচে মরদেহ দেশে আনার পাশাপাশি বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া এবং দাফন-কাফনের ব্যয়ও বহন করছে, যা দেশে প্রথমবারের মতো চালু হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রক্রিয়া সহজীকরণ এবং নারী কর্মীদের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতেও সরকার কাজ করছে।

কারাগারে থাকা প্রবাসী নারী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন দেশের কারাগারে থাকা বাংলাদেশি শ্রমিকদের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে ইতোমধ্যে অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ই-মেইলে জানানো হলে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • চাকরি
  • দক্ষতা
  • প্রবাস
  • প্রবাসী
  • প্রবাসী বাংলাদেশী
  • বিদেশযাত্রা
  • সর্বশেষ