দেশি-বিদেশি ১৬ এয়ারলাইন্স নিয়ে ফুটবলযুদ্ধ শুরু হচ্ছে ৩ জুলাই

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর ট্রফি উন্মোচন, ক্যাপ্টেনস মিট ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টটি আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিচ্ছে।

ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন এবং সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

৩ জুলাই রাউন্ড অব ১৬-এর ম্যাচে মুখোমুখি হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া-ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ-এয়ারএশিয়া, সৌদিয়া-টার্কিশ এয়ারলাইন্স, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স-থাই এয়ারওয়েজ, এমিরেটস-এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এয়ার অ্যাস্ট্রা। একই দিন কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই টুর্নামেন্টের আয়োজন করছে।এ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এনভয়-শেলটেক এভিয়েশন। আর পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ভিআইপি মোটরস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিআইপি মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর নাজম, প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আক্তার চৌধুরী, গুলশান ইউথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দুই দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আফরোজা খানম রিতার। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, পদক এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, দেশের এভিয়েশন খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদার করতেই এই আয়োজন। তাঁর মতে, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং দেশের এভিয়েশন পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি অনন্য উদ্যোগ।

  • travel based first digital media
  • এয়ারলাইন্স
  • ফুটবল চ্যাম্পিয়নশিপ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া