মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশার বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২২ ঘন্টা আগে

আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতির খবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কাজ চলছে। একই সঙ্গে প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিপুলসংখ্যক প্রবাসী যাত্রী ব্যবহারকারী এই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ খাতে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ উপস্থিত ছিলেন।

  • চাকরি
  • প্রবাস
  • প্রবাসী
  • প্রবাসী বাংলাদেশী
  • মালয়েশিয়া
  • মালয়েশিয়ায় কর্মসংস্থান
  • সর্বশেষ