জর্ডানে বসবাসরত আকামা ও তাসরিয়াবিহীন বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের জন্য বৈধ হওয়ার সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, আকামা বা তাসরিয়া নবায়নের মাধ্যমে বৈধতা অর্জন ও কর্মস্থল বা পেশা পরিবর্তনের এই সুযোগ আগামী ১৫ জুন থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
দূতাবাস জানায়, এই সুবিধা কেবল তারাই পাবেন যারা ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির আগে জর্ডানে প্রবেশ করেছেন। তবে বিচারাধীন বা সাজাভোগরত ব্যক্তিরা এই সুবিধার আওতাভুক্ত হবেন না।
দূতাবাস আরও জানায়, যারা স্থায়ীভাবে দেশে ফিরে যেতে চান তাদের অতীতের সকল জরিমানা মওকুফ করা হবে এবং মাত্র ১০ জর্ডান দিনার প্রক্রিয়াকরণ ফি দিয়ে সোশ্যাল সিকিউরিটি সঞ্চয় উত্তোলন করতে পারবেন।
সোশ্যাল সিকিউরিটি সঞ্চয় তুলতে এখন আর কফিল বা মালিকের অনুমতির প্রয়োজন হবে না, শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নম্বরই যথেষ্ট। দুই বছর বা তার বেশি সময় ধরে অবৈধভাবে অবস্থানকারীদের আকামা নবায়নের ক্ষেত্রে আগের কফিলের অনুমতি প্রয়োজন হবে না। শর্তসাপেক্ষে কর্মস্থল ও পেশা পরিবর্তনের সুযোগও থাকবে। তাসরিয়ার জন্য শ্রম মন্ত্রণালয়ে এবং আকামার জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।
