দেশের বিমান খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ ওয়ার্কশপ” শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান রোববার (২১ জুন) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী পর্ব রাজধানীর InterContinental Dhaka-এ সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হবে বলে বেবিচকের জনসংযোগ বিভাগের পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ফাহমিদা আখতার।

কর্মশালার মূল উদ্দেশ্য হলো দেশের বেসামরিক বিমান চলাচল খাতের কৌশলগত মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত ধারণা প্রদান করা। এ কর্মশালায় বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ, আকাশপথ ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং ভবিষ্যৎ বিমান চলাচল চাহিদা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ মাস্টার প্ল্যান দেশের বিমান চলাচল খাতকে আরও আধুনিক, দক্ষ ও ভবিষ্যতমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিদেশযাত্রা
  • বেবিচক
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • সর্বশেষ