বিভক্ত হচ্ছে বেবিচক

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কে বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৮ জানুয়ারি (বুধবার) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সরকারি পত্রের মাধ্যমে বেবিচককে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

বর্তমানে বেবিচক একইসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একদিকে এটি রেগুলেটর হিসেবে বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা তদারকি করে, অন্যদিকে অপারেটর হিসেবে এয়ার নেভিগেশন পরিষেবা প্রদান এবং দেশের বিমানবন্দরসমূহ পরিচালনা করে। ফলে রেগুলেটর হিসেবে অপারেটরের কার্যক্রমের ওপর সিদ্ধান্ত গ্রহণে স্বার্থের সংঘাত (Conflict of Interest) তৈরি হয়।

এর আগে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা (ICAO) পরিচালিত অডিটেও বেবিচকের রেগুলেটর ও অপারেটর সত্তা পৃথক করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। পাশাপাশি ১৮ অক্টোবর ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনেও একই সুপারিশ করা হয়।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বেবিচককে বিভক্ত করে পৃথক সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন/সংশোধনের মাধ্যমে এয়ার নেভিগেশন পরিষেবা প্রদানসহ বিমানবন্দর পরিচালনার জন্য একটি পৃথক অপারেটর সংস্থা গঠন করা হবে।

সংশ্লিষ্টদের বলছে এ উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি দেশের বেসামরিক বিমান পরিচালনা ও পরিষেবার মানোন্নয়ন ঘটবে।

  • বেবিচক