রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা বিভাগীয় আন্তঃস্কুল বালক এথনোস্পোর্ট প্রশিক্ষণ সেমিনার ২০২৬’। ঐতিহ্যবাহী ও লোকজ ক্রীড়ার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্বের সর্বাধিক দেশে ফ্লাইট পরিচালনাকারী আন্তর্জাতিক বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স এই আয়োজনের সহযোগী হিসেবে ছিল।
সেমিনারটিতে ঢাকা বিভাগের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলায় অংশ নেয় এবং এসব ক্রীড়ার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করে।
আয়োজন প্রসঙ্গে টার্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে বলেন, সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়া কীভাবে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে, এই আয়োজন তারই একটি অনন্য দৃষ্টান্ত।
