আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন (রবিবার) রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট অফিসে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উদ্যোগটি গ্রহণ করেছে ইউ-এস বাংলা এয়ারলাইন্স, সহযোগিতায় থাকবে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।
মানবিক দায়বদ্ধতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা তৈরি এবং জীবনরক্ষাকারী রক্তদানের গুরুত্ব তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সরবরাহ, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে। আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন বাঁচায় না, বরং একটি সহমর্মী ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
