ঢাকায় এলো এয়ার অ্যাস্ট্রার নতুন উড়োজাহাজ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা তাদের বহরে নতুন একটি উড়োজাহাজ সংযোজন করেছে। এর মাধ্যমে সংস্থাটির মোট উড়োজাহাজের সংখ্যা বেড়ে পাঁচটিতে পৌঁছেছে। পাশাপাশি, চলতি বছরের জুলাই মাসের মধ্যে পর্যায়ক্রমে আরও দুটি উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৩১ মে) এয়ার অ্যাস্ট্রা জানায়, ফ্রান্সের টুলুজ থেকে একটি ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে নতুন উড়োজাহাজটি বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। অবতরণের পর বিমানটিকে আনুষ্ঠানিকভাবে জলকামান অভিবাদনের(ওয়াটার ক্যানুন স্যালুট) মাধ্যমে স্বাগত জানানো হয়।

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় ফ্লাইট পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন গন্তব্যে সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, যাত্রীদের জন্য আরও আধুনিক, নির্ভরযোগ্য ও আরামদায়ক ভ্রমণসেবা নিশ্চিত করাও সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, এটিআর ৭২-৬০০ একটি আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে জ্বালানি সাশ্রয়ী ও দক্ষ পরিচালনার সক্ষমতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিমানটিতে মোট ৭০ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠার প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও এখনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেনি এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে সংস্থাটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

  • travel based first digital media
  • এয়ার অ্যাস্ট্রা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া