এয়ার ইন্ডিয়ার ঢাকা-মুম্বাই ফ্লাইট সাময়িক বন্ধ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২২ ঘন্টা আগে

এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক রুটে বড় কাটছাঁট, ঢাকা-মুম্বাই ফ্লাইট সাময়িক বন্ধ

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা Air India আন্তর্জাতিক বিভিন্ন রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। জেট ফুয়েলের রেকর্ড উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় বাড়তি ব্যয় এবং বিভিন্ন অঞ্চলের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধের কারণে জুন থেকে আগস্ট পর্যন্ত একাধিক রুটে ফ্লাইট কমানো, স্থগিত ও সময়সূচি পুনর্বিন্যাস করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নেটওয়ার্ক স্থিতিশীল রাখা এবং শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাটছাঁটের মধ্যেও প্রতি মাসে ১ হাজার ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ঢাকা রুটে বড় প্রভাব

বাংলাদেশগামী রুটে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। দিল্লি-ঢাকা রুটে দৈনিক ফ্লাইট কমিয়ে সপ্তাহে চার দিন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মুম্বাই-ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন ভ্রমণে যাত্রীদের বিকল্প রুটের ওপর বেশি নির্ভর করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর আমেরিকায় বড় পরিবর্তন

উত্তর আমেরিকা রুটে সবচেয়ে বড় কাটছাঁট করেছে এয়ার ইন্ডিয়া। দিল্লি-শিকাগো রুট সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৭টি করা হয়েছে।

দিল্লি-টরন্টো রুট জুলাই পর্যন্ত সপ্তাহে ৫ দিন চলবে, যেখানে আগে ছিল ১০টি ফ্লাইট। দিল্লি-ভ্যাঙ্কুভার রুটও দৈনিক থেকে কমিয়ে সপ্তাহে ৫ দিন করা হয়েছে।

অন্যদিকে মুম্বাই-নিউয়ার্ক রুটে ফ্লাইট বাড়িয়ে দৈনিক করা হয়েছে, যা যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনার ভিত্তিতে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় ফ্লাইট কমছে

ইউরোপের বিভিন্ন শহরে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। দিল্লি-প্যারিস রুট দিনে দুইবারের বদলে এখন দিনে একবার চলবে। এছাড়া কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও সাপ্তাহিক ফ্লাইট কমানো হয়েছে।

অস্ট্রেলিয়াগামী রুটেও কাটছাঁট এসেছে। দিল্লি থেকে মেলবোর্ন ও সিডনি রুটে দৈনিক ফ্লাইটের বদলে জুন থেকে আগস্ট পর্যন্ত সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়া ও সার্ক অঞ্চলেও প্রভাব

দিল্লি-সাংহাই ও চেন্নাই-সিঙ্গাপুর রুট সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। দিল্লি ও মুম্বাই থেকে সিঙ্গাপুর এবং ব্যাংকক রুটেও উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট কমানো হয়েছে।

এছাড়া দিল্লি-কাঠমান্ডু রুটে জুনে সাপ্তাহিক ৪২টির বদলে ২৮টি এবং জুলাই-আগস্টে ২১টি ফ্লাইট পরিচালনা করা হবে।

মালদ্বীপগামী দিল্লি-মালে ফ্লাইটও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

যাত্রীদের জন্য কী সুবিধা থাকবে

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে স্থানান্তরের চেষ্টা করা হবে। পাশাপাশি নির্দিষ্ট শর্তে বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধাও দেওয়া হবে।

  • এয়ার ইন্ডিয়া
  • এয়ারলাইন্স
  • ঢাকা-দিল্লী
  • ঢাকা-মুম্বাই
  • সর্বশেষ