লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উদ্ধার হওয়া ৩৭ জন বাংলাদেশিকে মুক্ত করতে সক্ষম হয়েছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
২০ এপ্রিল সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তাঁদেরকে দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়; বর্তমানে তাঁরা সবাই সুস্থ আছেন।
সোমবার ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মুক্তির পর ভুক্তভোগীরা দূতাবাসে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর ও প্রথম সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত উদ্ধারকৃতদের কথা শোনেন এবং তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে দূতাবাসের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।
উদ্ধারের পর থেকেই প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ ও নথিপত্র তৈরির মাধ্যমে তাঁদের মুক্তি ত্বরান্বিত করতে কাজ করা হয়েছে। বর্তমানে আইওএম (IOM) এবং লিবীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে তাঁদের দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে দূতাবাস।
বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে কার্যকর ভূমিকা রাখায় লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে দূতাবাস।
