বিমান নিরাপত্তা আধুনিকায়নে বেবিচক–মার্কিন দূতাবাসের যৌথ প্রশিক্ষণ শেষ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বেবিচক–মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে SIMFOX CBT সিমুলেটর প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং মার্কিন দূতাবাস, ঢাকা-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী “SIMFOX CBT Simulator Training” সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭ এপ্রিল শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা ৯ এপ্রিল বেবিচক সদরদপ্তরে শেষ হয়।

দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা আধুনিক এক্স-রে স্ক্রিনিং প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সিমুলেশনভিত্তিক ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাটাশে ডেভিড মো।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আধুনিক প্রশিক্ষণ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বেবিচক ও মার্কিন দূতাবাসের মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ আয়োজন দেশের বিমান নিরাপত্তা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

  • প্রশিক্ষণ
  • বেবিচক
  • যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ