বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১:৩০ মিনিটে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা’ হলে যুক্তরাজ্যের বাণিজ্য দূত Baroness Rosie Winterton বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাজ্যের বাণিজ্য দূত বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনায় সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) বিশেষ গুরুত্ব পায়। এর মাধ্যমে দেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
