মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এসব ক্রু সদস্য প্রায় পাঁচ দিন ধরে দুবাইয়ে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছিলেন। তাদের পরিবার-পরিজনের মধ্যেও এ নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছিল।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই উদ্যোগের মাধ্যমে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রু সদস্যদেরও দেশে ফিরিয়ে আনা হয়।
ইতোমধ্যে ৫ মার্চ পরিচালিত একটি বিশেষ ফ্লাইটে ৩৭৮ জন যাত্রী নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
এছাড়া পরিকল্পনা অনুযায়ী আরও একটি বিশেষ ফ্লাইট আগামীকাল ৬ মার্চ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবে। বিশেষ ফ্লাইটগুলো পরিচালনায় ব্যবহার করা হচ্ছে ৪৩৬ আসনের এয়ারবাস A330-300 উড়োজাহাজ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, প্রবাসী বাংলাদেশি ও ফ্লাইট ক্রুদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখছে।
