ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ৪ ঘন্টা আগে
ভারতীয় এবং ভারতের নিয়ন্ত্রণাধীন সকল ধরনের উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে।
দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ জুলাই ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বর্ধিত এ নির্দেশনা ১৬ জুন বিকেল ৫টা ৫০ মিনিট থেকে কার্যকর করা হয়েছে।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, সামরিক ও বাণিজ্যিক উভয় ধরনের ভারতীয় উড়োজাহাজ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এছাড়া ভারতীয় বিমান সংস্থাগুলোর ইজারাকৃত উড়োজাহাজও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
গত বছরের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান প্রথমে ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। তবে ইসলামাবাদ শুরু থেকেই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে আসছে।
গত বছরের ৩০ এপ্রিল ভারত পাকিস্তানি উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর পাহেলগাম হামলার পর ২০২৫ সালের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে বিনা উসকানিতে হামলা চালায় বলে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এর পাল্টা জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে একটি সামরিক অভিযান শুরু করে।
পাকিস্তানের দাবি অনুযায়ী, ওই সময়ে তারা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে এবং ভারতের আটটি যুদ্ধবিমান—এর মধ্যে তিনটি রাফালসহ—এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘাতের অবসান ঘটে।
এর আগে ১৯৯৯ সালের কার্গিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও একইভাবে পাকিস্তান ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। ওই সময় পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে ভারতের বিমান পরিবহন ব্যবস্থার ওপর, যা পাকিস্তানের তুলনায় অধিক ক্ষতিগ্রস্ত হয়।