উড়োজাহাজ সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

কাগজে-কলমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা ১৯টি হলেও বাস্তবে যাত্রী পরিবহনের জন্য সচল রয়েছে মাত্র ১৪টি। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের ঘাটতি, কারিগরি ত্রুটি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে অন্তত পাঁচটি উড়োজাহাজ পুরোপুরি গ্রাউন্ডেড হয়ে আছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ক্রমবর্ধমান যাত্রীচাহিদা পূরণে হিমশিম খাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি। বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

এ সংকটের চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকালেই সারি সারি বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ দেখা যায়। অথচ নিজস্ব পতাকাবাহী বিমান সেখানে তুলনামূলকভাবে খুবই কম। তার মতে অচল উড়োজাহাজ, সীমিত বহর এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণেই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বিমান বাংলাদেশ।

পরিসংখ্যানেও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গত বছর আন্তর্জাতিক রুটে প্রায় ১ কোটি ৬০ লাখ যাত্রী যাতায়াত করলেও বিমান বাংলাদেশ পরিবহন করতে পেরেছে মাত্র ২০ লাখ যাত্রী। ফলে প্রায় ১ কোটি ৪০ লাখ যাত্রী বিদেশি এয়ারলাইন্সের ওপর নির্ভর করতে বাধ্য হয়েছেন। এতে করে দেশ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ও রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে মাত্র ১৪টি সচল উড়োজাহাজ দিয়ে কোনোমতে আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন চালিয়ে যাচ্ছে বিমান। তবে দ্রুত গ্রাউন্ডেড উড়োজাহাজগুলো সচল করা এবং বহরের সক্ষমতা বাড়ানো না গেলে শিডিউল বিপর্যয়, যাত্রীসেবার মানের অবনতি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স