দীর্ঘদিন ধরে বকেয়া ফি পরিশোধ না করায় ভারতের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১৯ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে স্পাইসজেটের কোনো উড়োজাহাজ চলাচল করতে পারছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের জন্য নির্ধারিত এয়ার ন্যাভিগেশন এবং ওভারফ্লাইট চার্জ পরিশোধ করছিল না স্পাইসজেট। বেবিচকের পক্ষ থেকে বকেয়া মেটানোর জন্য বারবার আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হলেও ভারতীয় এই এয়ারলাইনসটি তাতে সাড়া দেয়নি। অবশেষে পাওনা রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে গিয়ে তাদের জন্য বাংলাদেশের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্পাইসজেটের ভারতের অভ্যন্তরীণ এবং উত্তর-পূর্বাঞ্চলগামী ফ্লাইটগুলো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার-২৪’-এর তথ্য অনুযায়ী, কলকাতা থেকে গুয়াহাটি, শিলচর বা আগরতলাগামী ফ্লাইটগুলোকে এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ বিকল্প পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। দীর্ঘ এই পথ ব্যবহারের ফলে যেমন যাত্রীদের সময় বেশি লাগছে, তেমনি এয়ারলাইনসটির জ্বালানি ও পরিচালন ব্যয়ও বহুগুণ বেড়ে গেছে।
এছাড়াও স্পাইসজেট বর্তমানে চরম আর্থিক দুর্দশার মধ্য দিয়ে সময় পার করছে। সর্বশেষ প্রান্তিকে সংস্থাটি প্রায় ২৭০ কোটি রুপি নিট লোকসানের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আকাশসীমায় এই নিষেধাজ্ঞা সংস্থাটির জন্য অনেক কঠিন হয়ে পড়েছে।
তবে স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, বকেয়া পরিশোধ ও দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
